নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। আটকের পর শারীরিক অবস্থার অবনতি হলে দুপুর ১টা ৪৭ মিনিটে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাসপাতাল প্রাঙ্গণে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর একটি গাড়ি কড়া প্রহরায় অ্যাম্বুলেন্সটিকে হাসপাতালে পৌঁছে দেয়।
জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘জিজ্ঞাসাবাদ করার সময়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বিস্তারিত পরে জানানো হবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর পৌঁছান বেলাল উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে তাকে আটক করে পুলিশ। এ সময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা ও বেশ কিছু নথিপত্র পাওয়া যায়। নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম জানান, জব্দকৃত টাকা মেশিনে গণনা করা হচ্ছে এবং নথিপত্রগুলো যাচাই-বাছাই চলছে।
আটকের সময় ধারণকৃত একটি ভিডিওতে বেলাল উদ্দিন নিজের পরিচয় দেন। তিনি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ার দবিরুল ইসলামের ছেলে এবং শালন্দা কলেজের শিক্ষক। লাগেজে থাকা অর্থের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সেখানে ৫০ লাখের বেশি টাকা রয়েছে যা তার ব্যক্তিগত গার্মেন্টস ব্যবসার মূলধন।
এদিকে জামায়াত নেতাকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দলটি। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেছেন, উদ্ধারকৃত অর্থ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট নয়, বরং এটি ব্যবসায়িক লেনদেনের টাকা। রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টা ও অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিপুল অর্থসহ জামায়াত নেতার আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে এই বিশাল অঙ্কের অর্থ নির্বাচনে প্রভাব ফেলার জন্য আনা হয়েছিল কি না।
হাজার টাকার টোপে নির্বাচনি ডিউটি, শেষমেশ জনতার হাতে আটক
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ৫০ লাখ টাকাসহ আটক
জামায়াত আমির যে কেন্দ্রে ভোট দেবেন