ভারতে সামাজিক মাধ্যমে নতুন নিষেধাজ্ঞা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম

ভারত সরকার সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ আরও কঠোর করছে। নতুন নিয়মে প্ল্যাটফর্মগুলোকে ৩ ঘণ্টার মধ্যে অবৈধ কনটেন্ট অপসারণ করতে হবে, যা আগে ৩৬ ঘণ্টার ছিল। এই নিয়ম ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এবং মেটা, ইউটিউব, এক্সসহ বড় প্ল্যাটফর্মগুলিতে প্রযোজ্য হবে। এই নতুন নিয়ম এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) কনটেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য।

এআই কনটেন্ট সংজ্ঞায়িত করে নতুন নিয়মে বলা হয়েছে, ডিপফেক বা ভুয়া ভিডিও-অডিওকে লেবেল দিতে হবে। প্ল্যাটফর্মগুলো এই লেবেল সরাতে পারবে না এবং যেখানে সম্ভব উৎস চিহ্নিত করতে স্থায়ী মার্কার ব্যবহার করতে হবে। এছাড়া, প্রতারণামূলক বা অবৈধ এআই কনটেন্ট শনাক্ত করতে অটোমেটেড টুল ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। 

তবে ডিজিটাল অধিকার ও প্রযুক্তি বিশেষজ্ঞরা তিন ঘণ্টার সময়সীমা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন বলেছে, 'এই সংক্ষিপ্ত সময়সীমা প্ল্যাটফর্মগুলোকে স্বয়ংক্রিয় সেন্সরে পরিণত করবে।'

ডিজিটাল ফিউচারস ল্যাবের কর্মকর্তা অনুষ্কা জৈন নতুন লেবেলিং নিয়মকে স্বাগত জানিয়েছেন, তবে তিন ঘণ্টার সময়সীমা পুরোপুরি অটোমেশনকে বাধ্য করবে বলে সতর্ক করেছেন। এছাড়াও দিল্লি ভিত্তিক প্রযুক্তি বিশ্লেষক প্রাসান্তো কে রয় এ নিয়মকে 'গণতন্ত্রের সবচেয়ে কঠোর টেকডাউন ব্যবস্থার' উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলছেন, মানবিক মূল্যায়ন ছাড়া এই সময়সীমা পূরণ করা প্রায় অসম্ভব। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত