পাবনায় ৫ আগ্নেয়াস্ত্রসহ আটক তিন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম

নির্বাচনের আগেরদিন পাবনায় রাইফেল, পিস্তল ও বিপুল সংখ্যক গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ বিভাগের গোয়েন্দা শাখা (ডিবি)৷  বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এ তথ্য তুলে ধরেন।

আটকরা হলেন ঈশ্বরদীর পাকশী মেরিনপাড়ার শাহিন (২০), উপজেলার দিয়ার বাঘইলের হযরত প্রামাণিক (৪৭) ও মানিকনগর এলাকার মমিনুর ইসলাম খোকন (৩৩)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, একটি পেশাদার অপরাধী চক্র বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে আগ্নেয়াস্ত্র বহন করছে এমন খবর পেয়ে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঈশ্বরদী উপজেলার পাকশী মেরিনপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহিনকে আটক করা হয়। এসময় তার থেকে সেলফ লোডেড (এসএলআর) রাইফেল, পয়েন্ট ২২ রাইফেল, একনালা বন্দুক, ৭ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার দিয়ার বাঘইল এলাকায় অভিযান চালিয়ে শাহিনের সহযোগী হযরত প্রামাণিককে  আটক করা হয়। একইদিনে অপর একটি অভিযানে ওই উপজেলার মানিকনগর থেকে মমিনুর ইসলাম খোকনকে আটক করে ডিবি। এসময় তার থেকে একটি ৯ এমএম ও  ৭ দশমিক ৬৫ এমএম লোডেড পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া ৪১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এব্যাপারে পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, তারা পেশাদারা সন্ত্রাসী। এসব আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মূলত বিশৃঙ্খলা তৈরি করে জনমনে ভীতি বা আতঙ্ক সৃষ্টি করে থাকে। এই চক্র সম্পর্কে আমাদের কাছে গোপন তথ্য ছিল। এর ভিত্তিতে প্রায় সপ্তাহ খানেক ধরে গোয়েন্দা পুলিশের তদন্ত ও অভিযান শেষে তাদের আটক করা হয়। নির্বাচনকে সামনে রেখে বিশৃঙ্খলা সৃষ্টিতে তাদের কোনো পরিকল্পনা রয়েছে বলে তেমন তথ্য পাওয়া যায়নি। তবে এই চক্রের সঙ্গে জড়িত রাঘববোয়ালদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত