সাধারণ ভোটারদের পাশাপাশি ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে যাচ্ছেন সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখরাও। রাজধানীর ঢাকা-৮ আসনের অন্তর্ভুক্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন খ্যাতিমান নাট্যজন আবুল হায়াত। ভোট দিয়ে তিনি জানান, এবারের নির্বাচনী পরিবেশ তাঁর কাছে শান্ত ও সুশৃঙ্খল মনে হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি চোখে পড়েনি বলেও মন্তব্য করেন তিনি।
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচন ছাড়া দেশের প্রায় সব জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন আবুল হায়াত। এবারের ভোটসহ মোট ১০টি জাতীয় নির্বাচনে অংশ নিলেন তিনি। ভোট শেষে নিজের প্রত্যাশার কথা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘যোগ্য প্রার্থীরা ভোটে জয়ী হোক, এটাই চাই।’ তার মতে, প্রকৃত অর্থে জনসমর্থন পাওয়া একটি দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের অনেক সমস্যারই সমাধান সম্ভব।’
‘নির্বাচনের পরিবেশ শান্ত ও ভালো আছে’