ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-১৪ আসনে চন্দনাইশে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ভোটার স্লিপে বয়সের গরমিল ধরা পড়ায় একটি ভোটকেন্দ্র থেকে এক কিশোরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটে উপজেলার ৫৩ নম্বর চন্দনাইশ পৌরসভার হাজী বশরত আলী উত্তর গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকালে এক কিশোর ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের হাতে থাকা ভোটার স্লিপের তথ্য যাচাই করে বয়সের অসামঞ্জস্যতা লক্ষ্য করলে সন্দেহ হয়। পরে যাচাই-বাছাই শেষে তাকে আটক করা হয়।
আটক নাজিমুল হক আরাফাত (১৬) চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভা ১ নম্বর ওয়ার্ড বদুর পাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে।
প্রিসাইডিং কর্মকর্তা সৈকত মিত্র বলেন, নাজিমুল হক আরাফাত (১৬) নামে পুরুষ ভোটকক্ষে ভোট দিতে আসে। পরে সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে জাল ভোট দিতে আসার বিষয়টি স্বীকার করেন। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
চন্দনাইশ থানার ডিউটি অফিসার এসআই মো. শরিফুল ইসলাম জানান, থানায় আটকের ব্যাপারে সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাজিব হোসেন বলেন, ‘আটককৃত একজন অপ্রাপ্তবয়স্ক। সে প্রশাসনের হেফাজতে রয়েছে। ভোটগ্রহণ শেষে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
ভোটকেন্দ্রে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
ভোট বর্জন করলেন হাসনাতের প্রতিদ্বন্দ্বী