মধ্যরাতে অভিযোগ নিয়ে ইসিতে মামুনুল হক

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১২ এএম

ঢাকা-১৩ আসনের ভোটগণনায় অনিয়মের অভিযোগ তুলে মধ্যরাতে নির্বাচন কমিশনে (ইসি) যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে তিনি আগারগাঁওয়ের ইসি ভবনে অভিযোগ দাখিল করেন। এর আগে রাত দুইটার দিকে তিনি সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ জানান।

অভিযোগের বিষয়ে মামুনুল হক জানান, ঢাকা ১৩ আসনে ৯ জন প্রার্থী৷ ব্যালটের এক পাশে ৫ জন প্রার্থীর নাম, অপর পাশে চারজন প্রার্থীর নাম। আমার নাম বামদিকে সবার নিচে। নামের পাশের ঘর খালি থাকায় অনেক ভোটার ভুলক্রমে ফাঁকা জায়গায় সিল বসায়। সেই ব্যালটগুলো বাতিল করা হয়েছে।

ঢাকা-৮ আসনে আমার মতো একই রকমভাবে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের নাম ব্যালটে থাকায় সেখানেও কিছু সিল ফাঁকা জায়গায় পরে। কিন্তু সেসব ভোট মির্জা আব্বাসের নামে গণনা করা হয়েছে।

তিনি বলেন, ৫০টা কেন্দ্রের ফলাফল ঘোষণায় আমার ১২০০ ভোট বাতিল হয়েছে। বাকি ভোটকেন্দ্র গুলোর ভোটগণনা বাকি আছে। আমরা ধারণা করছি, সব ভোটকেন্দ্রের এমন ভোটগুলো বাতিল করলে তা প্রায় তিন হাজারে পৌঁছাবে। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৩৭ টি।

তিনি বলেন, কিন্তু ঢাকা-১৩ আসনে আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে নির্বাচন করা বিএনপি প্রার্থী ববি হাজ্জাজকে ২২০০ ভোটের ব্যবধানে আমার থেকে এগিয়ে রাখা হয়েছে।

তিনি বলেন, কিন্তু আমার বাতিল করা ৩০০০ ভোট বৈধ হিসাবে গণ্য করা হলে এ আসনে আমি জয়ী হই।

মামুনুল হক আরও বলেন, আমার আশঙ্কা হলো ৫০টি কেন্দ্রে ১২০০ ভোট বাতিল হয়েছে। তাহলে ১৩৭টি কেন্দ্রের মধ্যে কতগুলো ব্যালট বাতিল হবে? এটি নিয়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন এটা তার বিষয় নয়। এটা কমিশনের বিষয়। ওখানে (তার আসনে) একাধিক কেন্দ্রে ফলাফল দিতে অনেক দেরি করেছে। বিলম্ব করে আমাদের আশঙ্কা যে সেই সময় তারা ইঞ্চিনিয়ারিং করার চেষ্টা করেছে।  

তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা আমাকে ইসি সচিবের সঙ্গে আলাপ করার পরামর্শ দেন, তবে ইসি সচিব বললেন এটা আমার এখতিয়ারভুক্ত না। রিটার্নিং কর্মকর্তা বলতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত