ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। দেড় লক্ষাধিক ভোট পেয়ে বিজয় নিশ্চিত করার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই সাফল্যকে নির্বাচনী এলাকার সাধারণ মানুষের প্রতি উৎসর্গ করেছেন।
মুজিবুর রহমান চৌধুরী বলেন, আমার এই বিজয় কমলগঞ্জ ও শ্রীমঙ্গলবাসীকে উৎসর্গ করলাম। মহান আল্লাহর দরবারে শুকরিয়া এবং আমার এলাকার সর্বস্তরের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। এই সাফল্যের পেছনে আপনাদের অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা ও সমর্থনই ছিল আমার সবচেয়ে বড় শক্তি।
এদিকে মুজিবুর রহমানের বিজয়ী হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকাল থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে তার কমলগঞ্জের খুশালপুরস্থ বাসভবনে। সেখানে মিষ্টি মুখ করার পাশাপাশি প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করছেন সাধারণ মানুষ।
মৌলভীবাজার ৪ আসনের ১৬৩টি ভোটকেন্দ্রে তিনি ১ লাখ ২০ হাজার ৪১৯ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন। বেসরকারি ফলাফলে মুজিবুর রহমান চৌধুরী পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী নূরে আলম হামিদী পেয়েছেন ৪৯ হাজার ১৮৯ ভোট।
