ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে মনোনীত ৯ প্রার্থীর মধ্যে সাতজনই জামানত হারিয়েছেন। বেসরকারি ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ ছিল দুই প্রার্থীর মধ্যে বাকি প্রার্থীরা ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে ব্যর্থ হন।
জামানত হারানো প্রার্থীরা হলেন- স্বতন্ত্র আবু জায়েদ আল মাহমুদ (কলস) ২০১ ভোট, স্বতন্ত্র ওমর ফারুক (ঘোড়া) ২০৩ ভোট, ইসলামি আন্দোলনের বশির আহমেদ (হাত পাখা) ৬ হাজার ৩৮৯ ভোট, বাংলাদেশ জাসদের বড়ুয়া মনোজীত ধীমন (মোটরগাড়ি) ১৪৪ ভোট, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ আবুল কালাম (হাতি) ৪০৩ ভোট, আমার বাংলাদেশ (এবি) পার্টির শফিউল বাসার (ঈগল) ৫১১ ভোট, জাতীয় পার্টির সৈয়দ ইফতেখার হাসান (লাঙ্গল) ৬১৯ ভোট।
দাউদকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফয়েজুল ইসলাম জানান, নির্বাচনী বিধি মোতাবেক প্রদত্ত ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পেলে প্রার্থীর নিরাপত্তা জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসেবে এ আসনে ন্যূনতম ২৯ হাজার ৯০৮ ভোট না পেলে জামানত রক্ষা করা সম্ভব নয়।
দুই উপজেলার ফলাফলে বিএনপি প্রার্থী ড.খন্দকার মোশাররফ হোসেন এক লাখ ৪০ হাজার ৩০১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মনিরুজ্জামান বাহলুল পেয়েছেন ৯০ হাজার ৪৯৯ ভোট। ফলে ৪৯ হাজার ২০৮ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন ড. খন্দকার মোশাররফ হোসেন।