কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে ড্রাম ট্রাক উল্টে ৭ ঘন্টা সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় ড্রাম ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্র্রুয়ারি) ভোর ৫টায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের আমলা সাগরখালী ব্রিজের উপরে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন ড্রাম ট্রাকের চালক সেলিম আহম্মেদ (৩২) এবং চালকের সহকারী (হেলপার) হৃদয় হোসেন (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে মেহেরপুর গামী বালু বোঝায় একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের ওপর উঠে যায়। পরে গাড়িটি উল্টে সড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে থাকে। এতে সড়কের উভয় দিকেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে যাত্রীবাহী বাস, পণ্যবাহী যান ও জরুরি সেবার গাড়িগুলো আটকা পড়ে। ফলে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শনিবার ভোর ৫টার দিকে ড্রাম ট্রাক উল্টে এই দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে প্রায় ৭ ঘন্টা সময় লেগে যায়।
