জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পঞ্চগড়-১ আসনের ফলাফলের পর জয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে পরক্ষণে ভোট পুনঃগণনার দাবি জানান ১১ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ফেসবুকে পোস্টে তিনি পুর্ণগণনার দাবি জানান। এর পর পরই বিএনপি নেতাকর্মীদের মধ্যে নিন্দার ঝড় উঠে।
পোস্টে তিনি দাবি করেন, জনগণের রায় তিনি সম্মান করেন, কিন্তু কয়েকটি কেন্দ্রে অনিয়ম ও ফল পরিবর্তনের আশঙ্কা রয়েছে বলে তাদের কাছে অভিযোগ এসেছে। এসব অভিযোগ যাচাই না হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। তাই স্বচ্ছতা নিশ্চিত করতে সব কেন্দ্রের ভোট পূর্ণাঙ্গভাবে পুনরায় গণনার দাবি জানান।
এদিকে, বেসরকারি ফল অনুযায়ী বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের কাছে ৮ হাজার ১২০ ভোটের ব্যবধানে পরাজিত হন এনসিপি নেতা সারজিস আলম। ফল ঘোষণার সময় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিএনপি প্রার্থী নওশাদ জমিরের পাশেই বসেছিলেন সারজিস আলম। ফলাফল ঘোষণার পর বিজয়ী বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানান তিনি। তার এই বার্তাকে উপস্থিত সকলেসহ সারা দেশবাসী নতুন রাজনীতির ধারা শুরু এবং অভিনব বলে প্রশংসা করছিলেন। কিন্তু রাতেই তিনি সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বসেন।
