'পাকিস্তান যদি অভিষেককে খেলতে চায়, তাহলে সে খেলবেই,' -সূর্যকুমার ‎

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ পিএম

‎অসুস্থতা কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে ভারতের একাদশে ফেরার পথে ভারতের আগ্রাসী ওপেনার অভিষেক শর্মা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি প্রায় নিশ্চিত করে ইঙ্গিত দিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।

‎তার আগে পাকিস্তান অধিনায়ক সালমান আগা  জানিয়েছিলেন, অভিষেক শর্মার বিপক্ষে খেলতেই তারা আগ্রহী। তাঁর ভাষায়,“আমরা ভারতের সেরা একাদশের বিপক্ষেই খেলতে চাই। অভিষেক একজন ভালো খেলোয়াড়। আশা করি, সে সুস্থ হয়ে ম্যাচটি খেলবে।”

‎পাকিস্তানের সেই মন্তব্য সাংবাদিকরা তুলে ধরলে সূর্যকুমার মুচকি হেসে বলেন, “পাকিস্তান যদি অভিষেককে খেলতে চায়, তাহলে সে খেলবেই।”

‎সংবাদ সম্মেলনে সূর্যকুমার কথা বলেন যুক্তরাষ্ট্র এবং নামিবিয়ার সঙ্গে ম্যাচে মাঝের ওভারগুলোতে পড়া সমস্যা নিয়ে। তিনি বলেন, "আমরা শুরুতে কিছুটা সমস্যায় পড়েছিলাম, এটার জন্য কোনো অজুহাত নেই। সবাই অনেক ক্রিকেট খেলে এসেছে, ব্যাটারদের তাদের নিজের পরিকল্পনা থাকা উচিত কঠিন উইকেটে। আমরা ভালো শুরু করেছিলাম, তারপর একটু সমস্যা হয়েছিল, তারপর ঠিক করেছি। এটিই টি–টোয়েন্টি ক্রিকেটের মজা।"

সূর্যকুমার জোর দিয়ে বলেন, ভারতীয় খেলোয়াড়রা প্রতিপক্ষের দিকে নয়, নিজেদের দিকে মনোযোগী। "আমাদের দেখতে হবে আমরা কেমন খেলছি। আমরা আমাদের শক্তিতে ফোকাস করব। প্রতিপক্ষ কেমন করছে তা নয়। যে দল ভালো ক্রিকেট খেলবে, সেই জিতবে। এটিই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়।"

ভারতের অধিনায়ক উল্লেখ করেন যে ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই চাপের, "চাপ তো সবসময়ই থাকে। ভারত-পাকিস্তান ম্যাচের ক্ষেত্রে এটি আরও বড় বিষয়। আমরা যতই বলি 'এটা শুধু অন্য কোনো ম্যাচ', মানব স্বভাবের কারণে চাপ থাকে। আমরা তাদের সঙ্গে প্রায়ই খেলি না। তাই চাপ সবসময়ই থাকবে।"

পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের ভবিষ্যত নিয়ে ভারত অধিনায়ক বলেন, 'বিষয়টা আমাদের নিয়ন্ত্রণে নেই। যখন এমন অবস্থায় আসব যেখানে আমি এই সিদ্ধান্ত নিতে পারব, তখন আপনাদের জানাব।"

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত