ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে সব ভোটকেন্দ্রেই নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম। ৮৯টি ভোটকেন্দ্রের সবগুলোতেই তিনি জয়ী হয়েছেন। এ আসনের নির্বাচনী ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা।
জানা যায়, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ৩ লাখ ৪৯ হাজার ৯২ জন ভোটারের জন্য ৮৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে। ৮৯ কেন্দ্রের মধ্যে সব কেন্দ্রেই বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। এমনকি প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুল আওয়াল আরামনগর মাদ্রাসা তার নিজ ভোটকেন্দ্রে পরাজিত হয়েছেন। শামীম তালুকদার পেয়েছেন ১ হাজার ৭১৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়াল পেয়েছেন ৫৫২ ভোট। এ কেন্দ্রে ১ হাজার ১৬২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শামীম তালুকদার। এই ফল জনগণের আস্থা ও সমর্থনের প্রতিফলন বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা।
ফল বিশ্লেষণ করে দেখা যায়, বিজয়ী প্রার্থী শামীম তালুকদার ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৪০৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুল আওয়াল পেয়েছেন মাত্র ৪৪ হাজার ৯৪৭ ভোট। এতে ১ লাখ ২ হাজার ৪৫৯ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী শামীম তালুকদার জয়ী হয়েছেন। বিএনপির প্রার্থীরা জেলার সংসদীয় পাঁচটি আসনে জয়লাভ করলেও সরিষাবাড়ী আসনের প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড শামীম তালুকদারের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তি প্রমাণ করে।
