শিবগঞ্জের পল্লীতে দুই দিনব্যাপী পদার্থ বিজ্ঞান মেলা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী পদার্থ বিজ্ঞান মেলা। চতুর্থ বারের মতো পদার্থ বিজ্ঞান মেলায় দাড়িদহ হাইস্কুল মাঠে আয়োজন করা হয়েছে। এই মেলায় স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৫টি বিভাগের ২৬টি স্টল বসেছে।

রবিবার ও সোমবার এ দুই দিনব্যাপী পদার্থ বিজ্ঞান মেলার আয়োজন করেছে ইজি ইনডাকশন ল্যাব।

এ মেলায় পদার্থ বিজ্ঞানের সূত্রগুলোর ব্যবহারিক প্রয়োগ বিষয়ে ডিভাইস প্রদর্শন করা হয়েছে। স্কুলে ১৫ থেকে ২০টি ডিভাইস থাকলেও মেলার স্টলগুলোতে রয়েছে সবমিলিয়ে ৫ শতাধিক ডিভাইস। মুখস্ত না করে ডিভাইসের মাধ্যমে পদার্থ বিজ্ঞান শিখে শিক্ষার্থীরা যেমন উপকৃত হচ্ছে, তেমনি শিক্ষকরাও আসছেন এ মেলায়।

মেলায় আগত শিক্ষার্থীরা জানায়, মেলার মাধ্যমে তারা সহজেই হাতে-কলমে শিখছেন যাতে করে তারা উপকৃত হচ্ছে তেমনি বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ছে।

শুধু শিক্ষার্থীরা নয় আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরাও এসেছে মেলায়। শিক্ষকরা জানান, মেলায় এসে তারা সহজেই পদার্থ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে আরো জানতে পারছে। ৫ শতাধিক ডিভাইস রয়েছে মেলার স্টলে। যা থেকে সলিনয়েড, আর্কিমিডিস সুত্র, ট্রান্সফরমার কার্যাপ্রণালী, আবেশ ক্রিয়া, প্যাসকেল ল’, বায়ো সাভার্ট ল, লেঞ্জ ল, শক্তির নিত্যতা যাচাই, রোধের সূত্রের সত্যতা যাচাইসহ পদার্থ বিজ্ঞানের বিভিন্ন সূত্র হাতেকলমে শিখছে শিক্ষার্থীরা। রসকষ বিহিন এই বিষয়ে আগ্রহ বাড়ছে তেমনি শিক্ষার্থীরা নিজেরাই বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করছে।

মেলায় আসা শিক্ষার্থী রবিন ইসলাম, হুমায়রা তাবাসসুম জানায়, পদার্থ বিজ্ঞান বিষয়ে বইয়ে বিভিন্ন ছবি আর সূত্র দেওয়া থাকে, সেগুলোর প্রায়োগিক কোনোকিছু তারা কখনও দেখে না। শুধু সূত্রগুলো মুখস্থ করে থাকে। এই মেলার মাধ্যমে তারা হাতে কলমে শিখতে পারছে।

ময়দানহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান মানিক বলেন, এমন আয়োজন নিশ্চয় প্রশংসার, স্থানীয়ভাবে শিক্ষার্থীরা যেমন উপকৃত তেমনি শিক্ষকরাও অনেক কিছু জানতে পারছেন। এমন আয়োজন অব্যহত রাখতে সরকারিভাবে সহযোগিতা দেওয়া প্রয়োজন।

মেলায় অতিথি হিসেবে এসেছেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কুদরত-ই জাহান  তিনি জানান, আমরা যে সূত্রগুলো মুখস্থ করি তা হাতে কলমে না শিখলে তাহলে প্রমাণ করার সুযোগ নেই। তাই হাতে কলমে শেখা খুবই জরুরি। আমাদের পরবর্তী প্রজন্মকে বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তুলতে এমন আয়োজনের বিকল্প নাই।

মেলার আয়োজক ইজি ইনডাকশন ল্যাব, বগুড়ার প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদুল ইসলাম জানান,  নিজস্ব অর্থায়নেই ২০০০ সালে নিজ বাড়িতেই গড়ে তুলছেন ইজি ইনডাকশন ল্যাব। গত চারবছর ধরে পদার্থ বিজ্ঞান মেলার আয়োজন করছেন তিনি, সকলের সহযোগিতায় এ মেলা ছড়িয়ে দিতে চান সারা দেশে। ল্যাবে ও মেলা আয়োজনে তার আর্থিক খরচ বেড়েছে, সরকারি সহযোগিতা না পেলে এমন আয়োজন অব্যহত রাখা কষ্টকর হয়ে পড়বে। তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত