যুবদল নেতার দোকান ভাঙচুর মামলা

সিরাজগঞ্জে ইউপি জামায়াত আমিরসহ গ্রেপ্তার ২

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম

নির্বাচনের পরবর্তী সময়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ার গজাইল বাজারে যুবদল নেতার দোকানে হামলা,ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় উধনিয়া ইউনিয়ন জামায়াত আমির ও সাধারণ সম্পাদককে পুলিশ গ্রেপ্তার করেছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তারদেরকে আদালতে পাঠানো হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন উধনিয়া ইউনিয়ন জামায়াত আমির আব্দুল আলিম সরদার ও একই ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাদের খন্দকার।

মামলা এজাহারে বলা হয়, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪(উল্লাপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান জয়লাভ করেন। পরদিন ১৩ ফেব্রুয়ারি ভোরে পূর্বশক্রতার জের ধরে গজাইল বাজারে অবস্থিত উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফের দোকানে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালান। এক পর্যায়ে তারা দোকানটি ভাঙচুর করে ও নগদ টাকা লুট করে। এ ঘটনায় যুবদল নেতা আব্দুল লতিফ ১২ জনকে আসামি করে থানায় মামলা করেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ইউনিয়ন জামায়াত নেতা আব্দুল আলিম সরদার ও আব্দুল কাদের খন্দকারকে গ্রেপ্তার করা হয়। রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত