ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে, তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা প্রতিবেদন দাখিল করতে না পারায় এ দিন ধার্য করেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম।
হাদি হত্যা মামলায় গত ৬ জানুয়ারি ১৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগ। তবে, অভিযোগপত্রে অসন্তুষ্টি জানিয়ে ১৫ জানুয়ারি নারাজি দেন এ মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। পরে মামলাটি তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেয় আদালত। এরপর কয়েক দফায় প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য হয়। গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় দুই আততায়ী চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। একপর্যায়ে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠায় সরকার। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। সংগঠনের সদস্য সচিব জাবের পল্টন থানায় এ মামলাটি করেন।
