সিরাজগঞ্জ

বিভিন্ন অভিযোগে বিএনপি ২ নেতার পদ স্থগিতসহ তিনজনকে শোকজ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৩ পিএম

সিরাজগঞ্জে সদর, বেলকুচি ও চৌহালী উপজেলায় ভোটারদের হুমকি, ধামকি ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মারধরের অভিযোগে দুই নেতার দলীয় পদ স্থগিত এবং চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতাকে শোকজ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক পাঁচ চিঠির মাধ্যমে রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে এই সিদ্ধান্ত জানানো হয়।

পদ স্থগিতাদেশ পাওয়া নেতারা হলেন বেলকুচি পৌর জাতীয়তাবাদী সাইবার দলের সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল ও বেলকুচি পৌরসভার ৪নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মন্ডল।

ছবি: প্রতিনিধি

শোকজ প্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ শহরের ৫নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক ফিরোজ আহমেদ, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মনা পাল ও সদর থানা রোডের বিএনপি নেতা আরজু আহমেদ।

চিঠিগুলোতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অপরাধের পরিপ্রেক্ষিতে আপনাদের বিরুদ্ধে কেন সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশনা দেওয়া হলো।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্তগুলো অনুমোদন করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত