শহীদুল্লাহ কায়সারের ৯৯তম জন্মদিন আজ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম

শহীদ বুদ্ধিজীবী ও প্রখ্যাত কথা সাহিত্যিক, লেখক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সারের ৯৯তম জন্মদিন আজ। ১৯২৭ সালে এই দিনে ফেনীর মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ। বাবা মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ ছিলেন ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ ও মাতার নাম সৈয়দা সুফিয়া খাতুন। প্রখ্যাত চলচ্চিত্রকার ও লেখক জহির রায়হান তার বড় ভাই।

শহীদুল্লা কায়সার ১৯৪২ সালে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর উচ্চতর শিক্ষার জন্য তিনি ভর্তি হন ‘প্রেসিডেন্সি কলেজে’৷ ১৯৪৬ সালে তিনি এখান থেকে অর্থনীতিতে অনার্সসহ বিএ পাস করেন ৷ একই সঙ্গে তিনি ‘রিপন কলেজে’ আইন বিষয়ে পড়াশুনা শুরু করেন ৷ ১৯৪৭ সালে দেশবিভাগের পর তার বাবা ঢাকায় চলে আসেন। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে এমএ ভর্তি হন। তবে এ ডিগ্রি লাভ করার আগেই পড়াশোনার সমাপ্তি ঘটান।

বাঙালি জীবনের আশা-আকাঙ্ক্ষা, দ্বন্দ্ব-সংঘাত ও সংগ্রামী চেতনা তার উপন্যাসে উজ্জ্বলভাবে প্রকাশিত। সারেং বৌ ও সংশপ্তক তার দুটি বিখ্যাত উপন্যাস। রাজবন্দির রোজনামচা তার স্মৃতিকথা। পেশোয়ার থেকে তাসখন্দ ভ্রমণবৃত্তান্ত।

বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি আদমজী সাহিত্য পুরষ্কার (১৯৬২) , বাংলা একাডেমি পুরষ্কার (১৯৬২), স্বাধীনতা পুরষ্কার (১৯৯৮) লাভ করেন।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকহানাদার বাহিনীর এদেশীয় দোসর আলবদর বাহিনীর সদস্য কর্তৃক ঢাকায় কায়েতটুলীর নিজস্ব বাসভবন থেকে অপহৃত হন তিনি। এরপর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত