ফাঁস হয়ে গেল আমন্ত্রণপত্র

জানা গেল রাশমিকা-বিজয়ের বিয়ের চূড়ান্ত তারিখ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম

এবার ফিল্মি দুনিয়ার অন্দর থেকে ফাঁস হওয়া আমন্ত্রণপত্রে সব ধোঁয়াশা মিটল। জল্পনা সত্যি করে আগামী ২৬ ফেব্রুয়ারিই উদয়পুরে রাজকীয় অনুষ্ঠানে বিয়ে করতে চলেছেন চলেছেন দক্ষিণী তারকা জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) হবু তারকাদম্পতিকে মুম্বাই বিমানবন্দরে রং মিলান্তি পোশাকে দেখা যায়। 

কানাঘুষা চলছে তারা নাকি চুপিসারে উদয়পুরে পাড়ি দিয়েছেন, শেষমুহূর্তের প্রস্তুতি দেখার জন্য। এমন আবহেই চর্চায় তাদের বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র। সেখানে উল্লেখ, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি ঘনিষ্ঠবৃত্তে আমি এবং রাশমিকা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছি। আমাদের জীবনের এই বিশেষ মুহূর্তে আপনাদের উপস্থিতি কাম্য। যে বা যারা আমাদের প্রেমের সাক্ষী, তাদের উপস্থিতিতে আমাদের বিয়ের অনুষ্ঠান সত্যিই অর্থবহ হয়ে উঠবে। নবদম্পতি হিসেবে আমাদের নতুন জার্নি শুরু করার প্রাক্কালে আপনাদের আশীর্বাদ কাম্য।’ 

ওই আমন্ত্রণপত্রে রিসেপশনের তারিখও জ্বলজ্বল করছে। উভয়পক্ষের পরিবার, আত্মীয়-স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে গাঁটছড়া বাঁধলেও রিসেপশনের অনুষ্ঠানে এলাহি আয়োজন রাখতে চলেছেন বিজয়-রাশমিকা। জানা গেছে,  আগামী ৪ মার্চ হায়দরাবাদে তারকাখচিত হাইভোল্টেজ রিসেপশনের অনুষ্ঠান রয়েছে। যেখানে বলিউডের পাশাপাশি দক্ষিণী তারকারাও আমন্ত্রিত। এছাড়াও শোনা যাচ্ছে.  রিসেপশনে উপস্থিত থাকতে পারেন আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাসদের পাশাপাশি হিন্দি সিনেদুনিয়ার খান-কাপুর, বচ্চনরাও। 

দিন কয়েক আগেই উদয়পুরের এক হেরিটজ রাজপ্রাসাদ থেকে ভাইরাল এক ভিডিওয় জমকালো বিয়ের আসরের ঝলক দেখা গিয়েছিল। লাল রঙের ভেলভেট কাপড়, রকমারি ফুল, সারি সারি পিতলের নানা মূর্তি ছিল সেখানে। তড়িৎকর্মা ইভেন্ট উদ্যোক্তাদের শশব্যস্ততাই বলে দেয় শেষমুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। এককথায়, বিজয়-রাশসিকার বিয়ের আসরকে রাজকীয় কোনো পিরিয়ড ড্রামার শুটিং সেট বললেও অত্যুক্তি হবে না!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত