পাল্লেকেলেতে পাথুম নিশাঙ্কার অনবদ্য অপরাজিত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। সেই সংগে আসর থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে শক্তিশালী অস্ট্রেলিয়া।
প্রথমে ব্যাট করতে নেমে ট্রাভিস হেড এবং চোট সারিয়ে ফেরা অধিনায়ক মিচেল মার্শ শ্রীলঙ্কার বোলারদের ওপর রীতিমতো তান্ডব চালান। প্রথম ৫০ বলেই অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১০৪ রান। কিন্তু লঙ্কান স্পিনাররা আক্রমণে আসতেই দৃশ্যপট বদলে যায়। অসাধারণ ফিল্ডিং এবং স্পিন বিষে নীল হয়ে শেষ ৭০ বলে মাত্র ৭৭ রান তুলতে বাকি ১০ উইকেট হারায় অজিরা। দুষ্মন্ত হেমন্ত ৩টি উইকেট নিয়ে মিডল অর্ডার ধসিয়ে দেন।
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ছিলেন অদম্য। ফিল্ডিংয়ে গ্লেন ম্যাক্সওয়েলের ক্যাচ ড্রপ করার পর সেই ম্যাক্সওয়েলকেই অবিশ্বাস্য এক ক্যাচে ফিরিয়ে দিয়ে ম্যাচে ফিরেছিলেন তিনি। ব্যাটিংয়ে নেমে তার ব্যাট যেন তলোয়ার হয়ে উঠে কুশল মেন্ডিসের (৫১*) সাথে অবিচ্ছিন্ন জুটি গড়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেন তিনি। নিশাঙ্কা টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন এবং ১৮ ওভারেই খেলা শেষ করে দেন।
এই হারে অস্ট্রেলিয়ার সুপার এইটে যাওয়ার আশা এখন কেবল অলৌকিক কোনো সমীকরণের ওপর ঝুলে গেলো। গ্রুপ পর্বে নিজেদের পরের দুই ম্যাচে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার যেকোনো একটি দলকে হারাতে পারলেই নিশ্চিত হয়ে যাবে অস্ট্রেলিয়ার বিদায়। জিম্বাবুয়ে দুই ম্যাচে হারলেও ওমানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে অস্ট্রেলিয়াকে।
