মুসলিমবিদ্বেষী মন্তব্যে মার্কিন কংগ্রেস সদস্যের পদত্যাগ দাবি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম

মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মার্কিন কংগ্রেস সদস্য র‍্যান্ডি ফাইনের পদত্যাগ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একাধিক আইনপ্রণেতা।

ফ্লোরিডার এই রিপাবলিকান আইনপ্রণেতা রবিবার (১৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছিলেন, 'কুকুর আর মুসলিমদের মধ্যে বেছে নিতে হলে সিদ্ধান্ত কঠিন নয়।' ফিলিস্তিনি-আমেরিকান কর্মী নেরদীন কিসওয়ানির এক মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন। এরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।  

ডেমোক্র্যাট দলীয় কয়েকজন কংগ্রেস সদস্য তার বক্তব্যের তীব্র নিন্দা জানান। ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি রো খান্না মন্তব্যটিকে 'জঘন্য সাম্প্রদায়িক বিদ্বেষ' আখ্যা দিয়ে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক ভর্ৎসনার দাবি জানান। অ্যারিজোনার প্রতিনিধি ইয়াসামিন আনসারি হাউস স্পিকার মাইক জনসনকে ফাইনকে তিরস্কার করার আহ্বান জানিয়ে বলেন, ন্যূনতম মানবিক মানদণ্ড বজায় রাখতে না পারলে তার পদত্যাগ করা উচিত।

নিউ জার্সির রব মেনেন্ডেজ, ক্যালিফোর্নিয়ার এরিক সোয়ালওয়েল এবং টেক্সাসের মার্ক ভিসি মন্তব্যটিকে ঘৃণামূলক ও বর্ণবাদী বলে আখ্যা দেন। মেরিল্যান্ডের জনি ওলশেভস্কি ও ওহাইওর শন্টেল ব্রাউনও একে স্পষ্ট ইসলামবিদ্বেষ হিসেবে উল্লেখ করে নিন্দা জানান।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ফাইনের পদত্যাগ দাবি করে তাকে 'বর্ণবাদী' বলে মন্তব্য করেন।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) কংগ্রেস নেতৃত্বকে ফাইনের পদত্যাগ নিশ্চিত করার আহ্বান জানায়। সংগঠনটি অভিযোগ করে, মুসলিম ও ফিলিস্তিনিদের লক্ষ্য করে তার উসকানিমূলক বক্তব্যের একটি ধারাবাহিকতা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত