দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। বছরের অন্য মাসগুলোতে মানুষ সাধারণত দুনিয়ার ব্যস্ততায় ডুবে থাকে। কিন্তু রমজান এলে পরিবেশ বদলে যায়। হৃদয়ে জাগে অনুতাপ, চোখে আসে অশ্রু, জিহ্বায় ধ্বনিত হয় ইস্তিগফার। বান্দা অনুভব করে, তার রব তাকে বিশেষভাবে ডাকছেন। তাই রমজান হলো হৃদয় পরিশুদ্ধ করার মাস, আত্মাকে আল্লাহর প্রেমে সিক্ত করার মাস। যে এই মাসকে সত্যিকার অর্থে গ্রহণ করে, তার জীবন বদলে যায়। গতকাল বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর রোজা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, ‘আল্লাহর হুকুম মেনে চললে দেশে শান্তি আসবে। রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ে কালোবাজারি করলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তাদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলা হবে।’
ইসলামি পঞ্জিকার নবম মাস রমজানকে বছরের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয়। এ মাসেই মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল হয়। রমজান মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে, যা মাসের শেষদিকে চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয়।
রোজার অংশ হিসেবে গতকাল রাতে তারাবির নামাজ পড়েন মুসলমানরা। এরপর রাতের শেষভাগে সাহরি খান। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করবেন তারা।
আত্মশুদ্ধি, আত্ম-সংশোধন, আত্ম-উন্নয়ন ও ত্যাগ-তিতিক্ষার মহিমায় ভাস্বর এ মাসে মুমিন-মুসলমানরা আল্লাহর বিশেষ মেহমান। বিশ্বজগতের জন্য রহমত হিসেবে প্রেরিত নবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘রমজান মাসের প্রথম রাতে শয়তান ও দুষ্ট জিনদের শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং (পুরো রমজান) এর একটি দরজাও আর খোলা হয় না, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং (রমজানে) এর একটি দরজাও আর বন্ধ করা হয় না। (এ মাসে) একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন, হে কল্যাণ অন্বেষী! অগ্রসর হও। হে অকল্যাণ অন্বেষী! নিবৃত্ত হও, নিয়ন্ত্রিত হও। আর বহু লোককে মহান আল্লাহর পক্ষ হতে এ মাসে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়। প্রত্যেক রাতেই এ রূপ হতে থাকে।’ (জামে তিরমিজি ৬৮২)
রমজানুল মোবারকের ফজিলত প্রসঙ্গে বলা হয়েছে, এ মাস আল্লাহর মাস। এ মাস বরকত, রহমত (অনুগ্রহ) ও ক্ষমার মাস। এ মাস আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস। এ মাসের দিনগুলো সবচেয়ে সেরা দিন, এর রাতগুলো শ্রেষ্ঠ রাত এবং এর ঘণ্টাগুলো শ্রেষ্ঠ ঘণ্টা। এ মাস এমন এক মাস, যে মাসে মুমিন-মুসলমানরা আমন্ত্রিত হয়েছেন আল্লাহর মেহমান হতে তথা রোজা রাখতে ও প্রার্থনা করতে। তাই আমাদের উচিত, এ মাসে ইবাদত-বন্দেগি বেশি বেশি করা। সৎকাজ ও প্রার্থনার পরিমাণ বাড়িয়ে দেওয়া। মহান আল্লাহর কাছে আন্তরিক হৃদয়ে এবং যাবতীয় পাপ আর কলুষতা হতে মুক্ত পবিত্র চিত্তে প্রার্থনা করা, সেই সঙ্গে আল্লাহর কাছে রোজা রাখার এবং পবিত্র কোরআন তেলাওয়াতের তওফিক কামনা করা। নিঃসন্দেহে ওই ব্যক্তি প্রকৃত দুর্ভাগা, যে রমজান মাস পেয়েও মহান আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়।
ইসলামি স্কলাররা বলেন, রমজান মাসের প্রতিটি মুহূর্ত ভালো ও নেকের কাজে কাটানো, রাস্তাঘাটে বয়স্ক ও বৃদ্ধদের সম্মান করা, শিশু ও ছোটদের আদর করা, রক্তের সম্পর্কের আত্মীয়-স্বজনের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ রক্ষা করা, জিহ্বাকে যাবতীয় অন্যায্য কথা বলা থেকে সংযত রাখা, নিষিদ্ধ দৃশ্য দেখা থেকে চোখকে আবৃত রাখা, যেসব কথা শোনা ঠিক নয় সেসব শোনা থেকে কানকে নিবৃত রাখা এবং এতিমদের দয়া করা ও গুনাহর জন্যে অনুতপ্ত হয়ে তওবা করা কাম্য।
রমজানের রমজ শব্দটির অর্থ হলো দহন। মানবজীবনে অনিয়ন্ত্রিত যৌনাচার, বদমেজাজ, পেটুকতা, হিংসা, লোভ, কার্পণ্য ও অলসতার মতো কুপ্রবৃত্তিগুলোর বিনাশ বা দহন জরুরি। আর রোজা বা সওমের অর্থ হলো, যাবতীয় কদাচার থেকে বিরত থাকার সংযম সাধনা। পবিত্র কোরআনে সুরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে রোজা সম্পর্কে বলা হয়েছে, ‘হে ইমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা খোদাভীতি বা তাকওয়া অর্জন করতে পার।’ সেই কাক্সিক্ষত রমজান মাস শুরু হয়েছে মুসলিম বিশ্বে। খোদায়ি নুরের দরিয়ায় সিনান করার এ মাস পেয়ে আল্লাহর দরবারে জানাই অশেষ শোকরিয়া ও বিশ্বের সব মুসলমানের প্রতি আন্তরিক মোবারকবাদ। সবাইকে রমজানের শুভেচ্ছা, আল্লাহতায়ালা সবার রোজা ও ইবাদতগুলোকে কবুল করুন। আমিন।
লেখক : ইমাম ও খতিব, দারোগা আমীর উদ্দিন ঘাট মসজিদ, বাবুবাজার, ঢাকা