ধর্ষণের অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে (আশরাফুল আলম) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়ার আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারক।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে মাঝিড়া বন্দরের কাছে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার ব্যবহৃত গাড়ির পিছু নেন। একপর্যায়ে ধাওয়া দিয়ে গাড়িটি থামানো হয় এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, এক নারীকে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে বিয়ের প্রলোভন দেখান হিরো আলম। পরে প্রতারণামূলকভাবে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করার অভিযোগ তোলা হয়। এ ঘটনায় ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে হিরো আলমের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন দাখিলের পর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আনোয়ারুল হক এ পরোয়ানা জারি করেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, গ্রেপ্তার হিরো আলমকে আদালতে সোপর্দ করা হয়েছে। কোর্ট পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, হিরো আলমকে ওয়ারেন্ট মূলে গ্রেপ্তারের পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।