৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে পদে ৪১৩৬ নিয়োগ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ এএম

৪৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৪ হাজার ১৩৬ জন প্রার্থীকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফল প্রকাশ করা হয়।

এতে জানানো হয়, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩-এর বিধি ৬ অনুযায়ী প্রার্থীদের মেধা ও পছন্দক্রম বিবেচনা করে এই মনোনয়ন দেয়া হয়েছে। নির্বাচিতরা ৯ম থেকে ১১তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে নিয়োগ পাবেন।

মনোনীত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নিয়োগ দেয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৯ম গ্রেডের পদে। এর মধ্যে খাদ্য অধিদপ্তরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে তিনজন, নিবন্ধন অধিদপ্তরে সাব-রেজিস্ট্রার পদে আটজন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক পদে ২৯ জনকে মনোনীত করা হয়েছে। এছাড়া পাসপোর্ট অধিদপ্তরে ১৪ জন এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরে ১৯ জন ঔষধ তত্ত্বাবধায়ক পদে মনোনয়ন পেয়েছেন।

১০ম গ্রেডের বড় একটি অংশ নিয়োগ পাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে। এখানে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে কয়েকশ প্রার্থীকে মনোনীত করা হয়েছে। পাশাপাশি খাদ্য অধিদফতরে খাদ্য পরিদর্শক পদে ১৬৩ জন এবং মৎস্য অধিদফতরে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পদে ১৮ জন মনোনয়ন পেয়েছেন।

যোগ্য প্রার্থী না পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ইন্সট্রাক্টরসহ (কৃষি ও শারীরিক শিক্ষা) বেশকিছু পদে কাউকে মনোনয়ন দেয়া সম্ভব হয়নি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে আবেদন করেন প্রায় ৩ লাখ ৫০ হাজার প্রার্থী। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন। পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন প্রায় ৪ হাজার জন।

এ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল ২০২৪ সালের এপ্রিলে। মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে প্রথম দফায় এবং সরকার পতনের পর ২৫ অগাস্ট দ্বিতীয় দফায় তা স্থগিত করা হয়। পরে ২০২৪ সালের ২২ ডিসেম্বর থেকে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু করে পিএসসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত