মহান শহীদ দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৬ পিএম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরে হিলি স্থলবন্দরের ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুদেশের যাত্রী পারাপারের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কার্যক্রম চালু রয়েছে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম জানান, শনিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের পণ্য আমদানি ও রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। ছুটি শেষে আগামীকাল রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে পুনরায় পণ্য আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে পাসপোর্টের মাধ্যমে যাত্রী পারাপার কার্যক্রম চালু রয়েছে। অন্যান্য দিনের মতই আজ সকাল ৯টা থেকে এই পথ দিয়ে পাসপোর্ট যাত্রীরা ভারত-বাংলাদেশের মাঝে যাতায়াত করতে পারছেন যা সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পর্যন্ত চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত