রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে গোপালগঞ্জে বাজার পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবর। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা শহরের বড়বাজারের ফলপট্টি, কাঁচাবাজার, চালের আড়ৎ ও মাছের বাজার ঘুরে দেখেন। এ সময় বিভিন্ন পণ্যের মূল্যতালিকা পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি ডা. কে এম বাবর বলেন, রমজান মাসে যাতে কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত মুনাফা করতে না পারে, সে বিষয়ে সরকার ও স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে।
তিনি জানান, সারাদেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। তাই অতিরিক্ত মুনাফা বা সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত বাজার মনিটরিং জোরদারের নির্দেশনা দেন তিনি।
বাজার পরিদর্শনকালে তার সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক, নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন, কৃষি বিপণন কর্মকর্তা মো. আরিফ হোসেন, ভোক্তা অধিকার কর্মকর্তা সৈয়দা তামান্না তাছলিম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
