মেসির সামনেই জ্বলে উঠলেন মেসিকে নিয়ে কথা বলতে না চাওয়া সন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৩ পিএম

মেজর সকার লিগের (এমএলএস) নতুন মৌসুমের প্রথম ম্যাচে লিওনের মেসির ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে হিউং-মিন সনের লস অ্যাঞ্জেলস এফসি। ম্যাচের আগে মেসিকে নিয়ে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন হিউং-মিন সন। তবে মাঠের খেলায় তার দারুন অ্যাসিস্টে গোল পায় লস অ্যাঞ্জেলস এফসি।

মেসির প্রসঙ্গে এক প্রশ্নে ম্যাচের আগে সন বলেন, ‘আমি মেসিকে নিয়ে কথা বলতে চাই না, কারণ সবাই ইতিমধ্যে তার কথা যথেষ্ট বলছে। আমরা সবাই জানি সে বিশ্বের সেরা এবং তাদের খেলায় বড় প্রভাব রাখে। ফুটবলকে আমি ব্যক্তিগত লড়াই হিসেবে দেখি না। আমি এই ম্যাচে দল হিসেবে খেলতে চাই, দল হিসেবে জিততে চাই এবং দল হিসেবে উদযাপন করতে চাই।’

বাংলাদেশ সময় রবিবার সকালে লস অ্যাঞ্জেলেসের মেমোরিয়াল কলোজিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসির দলের বিপক্ষে জ্বলে ওঠেন সন। ৩৮ মিনিটে মাঝমাঠ থেকে দারুণ এক থ্রু-পাস বাড়ান তিনি। সেই পাস ধরে ডিফেন্স ভেঙে গোল করেন সতীর্থ ডেভিড মার্টিনেজ। এটিই ছিল মৌসুমে লস অ্যাঞ্জেলস এফসির প্রথম গোল।

যুক্তরাষ্ট্রের লিগে এটাই ছিল সন ও মেসির প্রথম মুখোমুখি লড়াই। ম্যাচটি দেখতে ষাট হাজারের বেশি দর্শক মাঠে উপস্থিত ছিলেন। তবে ইউরোপে আগেও দুই বার তারা মুখোমুখি হয়েছিলেন। তখন সন খেলতেন টটেনহ্যাম হটস্পারে এবং মেসি ছিলেন বার্সেলোনার সুপারস্টার। মৌসুম শুরুর আগেই উত্তর আমেরিকার চ্যাম্পিয়নস কাপে এক ম্যাচে এক গোল ও তিন অ্যাসিস্ট করে নজর কেড়েছিলেন সন। তাছাড়া যুক্তরাষ্ট্রে নিজের প্রথম মৌসুমেই ১৩ ম্যাচে ‌১২ গোল ও ৪ অ্যাসিস্ট করে নিজের সামর্থের প্রমাণ দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত