৬ মাসের মধ্যে চালু হবে ‘বুড়িমারী এক্সপ্রেস’: ত্রাণমন্ত্রী

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮ পিএম

আগামী ১৮০ দিনের মধ্যে বুড়িমারী স্থলবন্দর থেকে সরাসরি ঢাকা রুটে ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। একই সঙ্গে লালমনিরহাট বিমানবন্দর সচল করা, ফোরলেন সড়ক নির্মাণ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলেও জানান তিনি।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

আসাদুল হাবিব দুলু বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। লালমনিরহাটের স্থবিরতা কাটাতে এবং উন্নয়ন ত্বরান্বিত করতে আগামী ২৮ তারিখের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সুনির্দিষ্ট প্রস্তাবনা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সেই প্রস্তাবনার আলোকে ১৮০ দিনের একটি চূড়ান্ত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

উন্নয়ন প্রকল্পের পাশাপাশি সামাজিক সুরক্ষার বিষয়ে মন্ত্রী জানান, দেশের আটটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে দ্রুতই ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হচ্ছে। এর মাধ্যমে প্রকৃত হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা ও সরকারি সকল সুবিধা নিশ্চিত করা হবে।

লালমনিরহাটের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের আশ্বাস দিয়ে মন্ত্রী আরও বলেন, বুড়িমারী এক্সপ্রেস চালু হওয়া এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। এছাড়া বিমানবন্দর চালু এবং ফোরলেন সড়ক নির্মিত হলে জেলার অর্থনৈতিক চিত্র বদলে যাবে। তিস্তা পাড়ের মানুষের ভাগ্য উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল এবং জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত