ফের ইরানে জেন-জি বিক্ষোভ 

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২১ এএম

পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ইরানে ফের মাথাচাড়া দিচ্ছে ‘জেন-জি’ নেতৃত্বাধীন সরকারবিরোধী বিক্ষোভ। রাজধানী তেহরানে রবিবার (২২ ফেব্রুয়ারি) টানা দ্বিতীয় দিনের মতো সমাবেশ, মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাধারণ মানুষ।

এক প্রতিবেদনে এএফপি জানায়, গত ডিসেম্বর-জানুয়ারির বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে যারা নিহত হন, সেই নিহতদের স্মরণ করে এবং হত্যাকাণ্ডের বিচার চেয়ে শনিবার তেহরানে বিক্ষোভ শুরু করে দেশটির তরুণ প্রজন্মের সরকারবিরোধী অংশ। তাদের বিক্ষোভের পালটায় সরকারের পক্ষে মিছিল-সমাবেশের ডাক দেয় ক্ষমতাসীন সরকারের পক্ষে থাকা তরুণ-তরুণীরা।

ইরানের অনলাইন সংবাদমাধ্যম ফার্স নিউজ তাদের খবরে জানায়, তেহরানের তিনটি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বিক্ষোভ, আর এই তিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে সরকারবিরোধী আন্দোলনের কেন্দ্রে রয়েছে শরিফ বিশ্ববিদ্যালয়।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে শরিফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইরানের সাবেক শাহ মুহম্মদ রেজা শাহ পাহালভির সময়ে পতাকা হাতে নিয়ে মিছিল করছেন, সেই মিছিলে ব্যাপকভাবে দেওয়া হচ্ছে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত