টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে করা বিতর্কিত 'কাপকেক' বিজ্ঞাপন এখন বুমেরাং হয়ে ফিরে এলো ভারতের জন্য। মাঠের লড়াইয়ে হারের পাশাপাশি বিজ্ঞাপনের খোঁচায় এখন নাস্তানাবুদ হতে হচ্ছে টিম ইন্ডিয়াকে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে একটি প্রোমো রিলিজ করেছিল। সেখানে দেখা যায়, এক ভারতীয় সমর্থক দক্ষিণ আফ্রিকান সমর্থককে একটি 'কাপকেক' দেখিয়ে ২০২৪ বিশ্বকাপের ফাইনাল হারের ক্ষত মনে করিয়ে দিয়ে ট্রোল করছেন। এমনকি বড় ম্যাচে দক্ষিণ আফ্রিকার ‘চোকার’ দুর্নাম নিয়েও ট্রল করা হয় সেই ভিডিওতে।
বিজ্ঞাপনটি প্রকাশের পর এ নিয়ে সমালোচনা শুরু হয়। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার ডাকনাম ‘কাপকেক’। স্টার স্পোর্টসের ‘কাপকেক’ নিয়ে রসিকতা দেশটির সমর্থকেরা ভালোভাবে নেননি। তাদের পাশাপাশি অনেক ভারতীয়ও এক্স পোস্টে স্টার স্পোর্টসের প্রমোটির সমালোচনা করেন।
ক্রিকেটপ্রেমীরা বিজ্ঞাপনটিকে 'অহংকারী' এবং 'অরুচিকর' বলে অভিহিত করেন। অনেক ভক্তের মতে, প্রতিপক্ষকে এভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করা খেলার শিষ্টাচার বহির্ভূত। সমালোচনার মুখে শেষমেশ স্টার স্পোর্টস তাদের এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে ভিডিওটি সরিয়ে নিতে বাধ্য হয়।
বিজ্ঞাপনটি ভারতের জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় যখন রবিবার আহমেদাবাদের মাঠে দক্ষিণ আফ্রিকা ভারতকে ৭৬ রানে বিধ্বস্ত করে। এটি ছিল ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর একই ভেন্যুতে ভারতের প্রথম বড় হার এবং আইসিসি ইভেন্টে টানা ১৮টি জয়ের পর প্রথম পরাজয়।
ভারতের এই হারের পর দক্ষিণ আফ্রিকান অভিনেতা ও ইনফ্লুয়েন্সার তানজা ফুর একটি মজাদার ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, তিনি কাপকেক খাচ্ছেন এবং স্ক্রিনে ভারতের হারের স্কোরকার্ড দেখা যাচ্ছে। ক্যাপশনে লিখেছেন— "সো সুইট" (খুব মিষ্টি)। অর্থাৎ কাপকেকের খোঁচাটি তিনি দারুণভাবে ভারতকে ফিরিয়ে দিয়েছেন।
রবি শাস্ত্রীর ভবিষ্যৎবাণী মিলল না, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 'চোক' করল ভারত!