সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে দলের মনোনয়ন চেয়েছিলেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। কিন্তু তাকে মনোনয়ন না দিয়ে জেলার ৬টি আসনে নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব দেয় দলের হাইকমান্ড। জেলার ৬টি আসনের ৫টিতেই বিজয়ী হন বিএনপির প্রার্থী। নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠনের সপ্তাহখানেরকের মধ্যেই পুরষ্কৃত হলেন সেই কাইয়ুম চৌধুরী। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে তিনি নিয়োগ পেয়েছেন।

রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে সরকার। এরপর সিলেটের বিভাগীয় কমিশনারকে প্রশাসক নিয়োগ করা হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পর জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আজ সোমবার দেশ রূপান্তরকে তিনি বলেন, আমাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ছাত্ররাজনীতির সময় থেকেই সিলেটের মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে ছিলাম। সিটি করপোরেশন সম্পর্কে সবকিছু জেনে, বর্তমান অবস্থা বুঝে, ভবিষ্যতের প্ল্যান ঠিক করবো। আশা করছি সবার সহযোগিতায় এই গুরুদায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব।

আবদুল কাইয়ুম চৌধুরী বর্তমানে সিলেট জেলা বিএনপির সভাপতি। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদকও ছিলেন তিনি। পরবর্তীতে যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন। বিগত ৪ দলীয় জোট সরকারের সময় তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও পরিচালক ছিলেন। বর্তমানে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত