ফের মোশাররফ হিমি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ এএম

মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের জাঁদরেল অভিনেতা মোশাররফ করিম ও ছোটপর্দার সময়ের ব্যস্ত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি আবারও জুটি বাঁধলেন। এই জুটিকে নিয়ে এবার ‘আমি বেশি গরিব’ নামের ঈদের বিশেষ একটি নাটক নির্মাণ করলেন তরুণ পরিচালক তাইফুর জাহান আশিক। গত ২১ ও ২২ ফেব্রুয়ারি রাজধানীর অদূরে পূবাইলের চটের আগা লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। আরটিভিতে প্রচারের জন্য বিশেষ এই নাটকটির গল্প লিখেছেন আল আমিন স্বপন এবং ক্যামেরায় ছিলেন শামসুল ইসলাম লেলিন।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘আশিক যখন লাভলু ভাইয়ের সহকারী হিসেবে কাজ করে তখন থেকেই আসলে তাকে জানি আমি। তারপর আশিক যখন এককভাবে পরিচালক হিসেবে কাজ শুরু করে তারপর থেকে এখন পর্যন্ত বেশকিছু নাটকে কাজ করা হয়েছে। চুপচাপ থেকে বেশ সচেতনতা নিয়ে নাটক নির্মাণের চেষ্টা করে। এই নাটকের গল্পটা বেশ ইন্টারেস্টিং। যাদের শুকরিয়া নেই বা যারা আলহামদুল্লিাহ বলতে পারে না বা জানে না, তাদের নিয়েই গল্প। সব সময় শুধু এই দম্পতি নাই নাই করে। গরিব সেজে ফাও খাওয়ার ধান্ধা। হিমির সঙ্গে আমার বেশকিছু নাটক করা হয়েছে। অভিনয়ে বেশ সিনসিয়ার এবং ঠিকঠাক মতো অভিনয়টা করতে চায়। দর্শকও তাকে বেশ পছন্দ করে।’

হিমি বলেন, ‘এই নাটকে আমি একজন পেশাদার ভিক্ষুকের চরিত্রে অভিনয় করছি। এর আগে কোনো কোনো নাটকে একটা বা দুইটা দৃশ্যে ভিক্ষুক চরিত্রে অভিনয় করেছি। মোশাররফ ভাই সব সময়ই সব ধরনের চরিত্র বেশ সুন্দরভাবেই ফুটিয়ে তোলেন। তাকে দেখে দেখেই অভিনয়ের অনেক কিছু শেখা যায়।’

সর্বশেষ সর্বাধিক পঠিত