অতিরিক্ত গতির কারণে ড্রাইভিং নিষেধাজ্ঞায় ম্যান ইউ তারকা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ এএম

ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লেনি ইয়োরোকে ছয় মাসের জন্য ড্রাইভিং নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেইসঙ্গে গুনতে হয়েছে জরিমানা। গত বছরের আগস্টে তিনি উইথিংটন এলাকায় প্রতি ঘণ্টায় ৩০ মাইল গতিসীমার জায়গায় ৭২ মাইল প্রতি ঘন্টা গতিতে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েছিলেন।

বিবিসি স্পোর্টস জানিয়েছে, ইয়োরো তার পোরশে ক্যায়েন জিটিএস চালাচ্ছিলেন। ধরা পড়ার পর তিনি নিজের দোষ স্বীকার করেছেন। ক্রু ম্যাজিস্ট্রেটস কোর্ট তাকে ৬৬৬ ইউরো জরিমানা এবং ছয় মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়াও ২২ বছর বয়সী ডিফেন্ডারকে ১২০ ইউরো খরচ এবং ২৬৬ ইউরো ভিকটিম সারচার্জ দিতে হবে।

ইয়োরোর আইনজীবী লিসা নেভিট আদালতে বলেছেন, ‘আমার ক্লায়েন্ট তার এক বন্ধুকে দ্রুত সময়ে রেলওয়ে স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন। তিনি এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করছেন। তিনি জানেন, গতি অত্যধিক হওয়ায় আদালত নিষেধাজ্ঞা আরোপ করবে। আমাদের ক্লায়েন্ট আরও জানিয়েছেন, যেখানে তিনি অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন সেখানে রাস্তা প্রশস্ত ছিল এবং কোনো পথচারী বা বিপজ্জনক সংঘর্ষের সম্ভাবনা খুব কম ছিল।’

২০২৪ সালে ৫২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন ইয়োরো। তাকে পেতে রিয়াল মাদ্রিদও আগ্রহী ছিল, কিন্তু তিনি ওল্ড ট্রাফোর্ড বেছে নেন। ইয়োরো তার সিদ্ধান্ত নিয়ে বলেছিলেন, ‘গত মৌসুমেও আমার কোনো আফসোস ছিল না। আমি জানি একটি খারাপ মৌসুম আসতেই পারে। কিন্তু এই ক্লাব একটি শীর্ষ ক্লাব, এতে কোনো সন্দেহ নেই। আমি এখানে আসার আগে প্রকল্পটি জানতাম। অবশ্যই, প্রথম বছরে ১৫তম স্থানে শেষ হওয়া আমি আশা করিনি। এখন আমাদের ঘুরে দাঁড়াতে হবে। এই ক্লাব আমার পছন্দের এবং আমি সত্যিই খুশি।’

ইয়োরোকে নিয়ে সাবেক রেড ডেভিল তারকা ফিল জোন্স বলেছেন, ‘আমি মনে করি সে ভালো পারফর্ম করছে। একজন সেন্টার-ব্যাক হিসেবে, বিশেষ করে তিন-ব্যাকের ডানপাশে তার পারফর্ম্যান্স খুবই ভালো। তার গতি এবং অ্যাথলেটিসিজম আধুনিক প্রিমিয়ার লিগের জন্য অপরিহার্য। টেকনিক্যালি সে খুব ভালো। খেলাটা খুব ভালো বোঝে এবং আগামী বছরগুলোতে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য সে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত