মুন্সীগঞ্জে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনের ধাক্কায় মো. জিয়াউর রহমান (৩৮) নামে এক উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেউটখালি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দীর্ঘ ১৩ বছর ধরে তিনি শ্রীনগর উপজেলায় এ পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জিয়াউর রহমান সকালে একটি খাল খনন কর্মসূচি পরিদর্শন শেষে ফিরছিলেন। কেউটখালি এলাকা অতিক্রম করার সময় ঢাকা থেকে যশোরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। 

নিহত জিয়াউর রহমান ঢাকা জেলার ধামরাই উপজেলার বষ্টবদিয়া এলাকার আব্দুল কাদের আলীর ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ শ্রীনগর একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত