কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় নদীভাঙন রোধে নির্মিত বেড়িবাঁধে রোপণকৃত প্রায় ২০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের দলীয় পদ স্থগিত করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, কামালপুর এলাকায় নদীভাঙন প্রতিরোধে লাগানো গাছগুলো ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলা হয়। নিজ বাড়িতে যাতায়াতের পথ সুগম করার উদ্দেশ্যে তিনি নিজ গাড়ি ব্যবহার করে গাছগুলো কাটার উদ্যোগ নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হয়েছে।
এ ঘটনায় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহিদুল আলম জাহাঙ্গীরের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
