গত গ্রীষ্মে প্রায় ৬৩ মিলিয়ন ইউরোর বিশাল অঙ্কের ট্রান্সফার ফিতে রিভার প্লেট থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ভাবা হয়েছিল, সাদা জার্সিতে তিনি হবেন আগামীর মহাতারকা। কিন্তু কয়েক মাস না যেতেই সেই স্বপ্ন এখন ফিকে হতে শুরু করেছে।
মাদ্রিদের জার্সিতে মাস্তানতুয়োনো এ পর্যন্ত ২৪টি ম্যাচে মাঠে নামার সুযোগ পেলেও গোল করেছেন মাত্র ৩টি আর অ্যাসিস্ট করেছেন মাত্র ১টি। ইউরোপীয় ফুটবলের গতি আর কৌশলের সাথে মানিয়ে নিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তিনি।
পরিস্থিতি আরও নাজুক হয়েছে সাম্প্রতিক সময়ে। কোচ আলভারো আরবেলোয়ার অধীনে গত চারটি ম্যাচে তিনি মাত্র ১৩ মিনিট মাঠে থাকার সুযোগ পেয়েছেন। বিশেষ করে রিয়াল সোসিয়েদাদ, বেনফিকা এবং ওসাসুনার মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাকে সাইডবেঞ্চেই বসে থাকতে হয়েছে।
মাস্তানতুয়োনোকে নিয়ে আর্জেন্টিনায় এখন বইছে সমালোচনার ঝড়। রিভার প্লেটের কিংবদন্তি ফুটবলার নরবার্তো আলোনসো অত্যন্ত কড়া ভাষায় রিয়াল মাদ্রিদের ম্যানেজমেন্টকে আক্রমণ করেছেন, "ওরা ছেলেটাকে শেষ করে দিচ্ছে। আমার মনে হয়, ও শেষ পর্যন্ত কোনো ছোট ক্লাবে গিয়ে ঠাঁই নেবে। হয়তো ভবিষ্যতে আবারও রিয়ালে ফিরবে, কিন্তু তার আগে ওকে প্রমাণ করতে হবে যে ও রিয়ালের মতো বড় ক্লাবে খেলার যোগ্য।"
আলোনসোর এই মন্তব্য দুই দেশেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকের মতে, রিভার প্লেট থেকে সরাসরি রিয়াল মাদ্রিদের মতো জায়ান্টে যোগ দেওয়াটা এই অল্প বয়সে মাস্তানতুয়োনোর জন্য হয়তো একটু বেশিই তাড়াহুড়ো হয়ে গেছে।
আর্জেন্টিনা জাতীয় দলের জন্য মাস্তানতুয়োনো অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য। সামনেই (২৭ মার্চ) স্পেনের বিপক্ষে ফিনালিসিমা এবং জুনে বিশ্বকাপ। এমন গুরুত্বপূর্ণ সময়ের আগে দলের অন্যতম সেরা প্রতিভার ম্যাচ প্র্যাকটিস না থাকা আর্জেন্টাইন সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ অবশ্য এখনই হাল ছাড়ছে না। তবে ক্লাবের ভেতর আলোচনা চলছে যে, মাস্তানতুয়োনোকে নিয়মিত খেলার সুযোগ দিতে আগামী গ্রীষ্মে কোনো মাঝারি সারির ক্লাবে ধারে পাঠানো হতে পারে। সেখানে নিয়মিত মূল একাদশে খেলে আত্মবিশ্বাস এবং অভিজ্ঞতা অর্জন করে তবেই তিনি বার্নাব্যুতে ফিরবেন— এমনটাই পরিকল্পনা রিয়াল ম্যানেজমেন্টের।
নারী বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ; জ্যোতি বললেন, 'জিততে চাই'