নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আলোচিত হারুন অর রশিদ হত্যা মামলার রায়ে ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্তরা হলেন- ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকার আবুল কালামের ছেলে জহিরুল ইসলাম (১৮) একই এলাকার আব্দুস সালামের ছেলে জামাল হোসেন (২০) ও শাহিনের ছেলে সাইদুল ইসলাম (২৩)।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ পিপিএম জানান, ২০১৯ সালের ২৩ নভেম্বর ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার বকুল মিয়ার পাথর কারখানার সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা হারুন অর রশিদকে হত্যা করে ফেলে যায়। এঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ হত্যার সাথে জড়িত ৩জনকে গ্রেফতার করে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন।