শপথের পর রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেছেন তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের সময় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে কিছু সময় অবস্থান করেন এবং সংক্ষিপ্ত আলাপ করেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাদের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে এক মর্মান্তিক ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। পরবর্তী সময়ে দিনটির তাৎপর্য বিবেচনায় ২০২৪ সাল থেকে ২৫ ফেব্রুয়ারি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত