গাজীপুরকে সন্ত্রাস ও যানজটমুক্ত করার ঘোষণা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩১ পিএম

গাজীপুরকে গ্রীন ও ক্লিন সিটি করতে ১৮০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছেন সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. শওকত হোসেন সরকার। তিনি জানিয়েছে কর্মসূচির আওতায় আগামী ছয় মাসের মধ্যে গাজীপুরের প্রধান সমস্যা জয়দেবপুর রেল গেইটের উপর দিয়ে একটি ফ্লাইওভার নির্মাণ এবং কাশিমপুরে তুরাগ নদীর উপর দুটি ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ দুটির ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময়ের মধ্যে গাজীপুর সিটিকে গ্রীন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। 

বুধবার (২৫ফেব্রুয়ারি) সকালে গাজীপুর সিটিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান ও মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

নবনিযুক্ত প্রশাসক আরো বলেন, নগরীর জলাবদ্ধতা দূর করতে গাজীপুর সিটির ১৯টি খাল খনন এবং সব ড্রেন পরিষ্কার করা হবে যাতে আগামী বর্ষার মৌসুম আমরা ভালভাবে পার করতে পারি। তিনি বলেন, গাজীপুরকে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং, চাঁদাবাজি ও যানজট মুক্ত শহর হিসেবে গড়ে তোলা হবে। সিটি কর্পোরেশনের বৈদুতিক খুঁটিতে  ঝুলন্ত  কোনো তার থাকবে না। ভূগর্ভস্থ লাইনের মধ্যেমে এসব তার সঞ্চালন করা হবে। সিটি কর্পোরেশনে ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স হিসেবে ঘোষণা করা হয়েছে। নগরবারসীকে দ্রুততম নাগরিক সেবা দিতে সকল কর্মকর্তা-কর্মচারিকে নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ করে ট্রেড লাইসেন্স, ওয়ারিশ সার্টিফিকেট, জন্ম নিবন্ধন যেন দ্রুত  পেতে পারে তার ব্যবস্থা করা হবে। প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের অ্যাপসের মাধ্যমে নগরবাসী তাদের সমস্যার কথা জানাতে পারবেন। অ্যাপসের মাধ্যমে দ্রুত  নাগরিক সেবা দেয়া হবে। নগরীর ৫৭টি ওয়ার্ডে খেলার মাঠ এবং শিশুদের জন্য শিশু পার্কের ব্যবস্থা করা হবে।

মতবিনিময়ের  আগে তিনি গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানকে নিয়ে সিটি কর্পোরেশন চত্ত্বরে একটি নিম গাছের চারা রোপন করেন। এ সময় তিনি বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ১৮০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে নগরবারসী দৃশ্যমান পরিবর্তন দেখতে পারবেন বলে আশা করি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত