কুমিল্লা শিক্ষা বোর্ডে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি পেয়েছে ৫ হাজার ২৭০ জন। এতে পাসের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফল ঘোষণা করা হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বিষয়টি নিশ্চিত করেছেন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) পেয়েছে ১ হাজার ৬৭৭ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৩ হাজার ৫৯৩ জন।
এ বছর দেশের নয়টি শিক্ষা বোর্ডে মোট ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২০০ জন। সার্বিকভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। এর মধ্যে মেধাবৃত্তি পেয়েছে ১৪ হাজার ৭০০ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৩১ হাজার ৫০০ জন।
মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বাৎসরিক এককালীন ৫৬০ টাকা এবং মাসিক ৪৫০ টাকা করে পাবে। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা বাৎসরিক এককালীন ৩৫০ টাকা ও মাসিক ৩০০ টাকা করে পাবে। ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব বাজেট থেকে বৃত্তির অর্থ ছাড় দেওয়া হবে। ইএফটির মাধ্যমে তফসিলি ব্যাংকে হিসাব খুলে শিক্ষার্থীরা এ অর্থ পাবেন।
