সাগরে ডাকাতের গুলিতে কুতুবদিয়ার জেলে নিহত

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৭ পিএম

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া কক্সবাজারের কুতুবদিয়ার শাহাদত হোছাইন নামের এক জেলে ডাকাতের গুলিতে নিহত হয়েছেন। কুতুবদিয়ার পশ্চিমে সাগরে জেলেরা মাছ ধরতে গেলে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ডাকাতের হামলার শিকার হন।

নিহত শাহাদত হোছাইন (১৭) উত্তর ধুরুং মনছুর আলী হাজিরপাড়ার মৃত মো. বাদশার ছেলে।

ফিশিং বোট মালিক নাছির উদ্দিন জানান, তার ভাই জসীম উদ্দিনের মালিকানাধীন ফিশিং বোট ২০ জন মাঝি মাল্লাসহ সাগরে মাছ ধরতে গেলে বুধবার দুপুর ২টার দিকে ডাকাতের হামলার শিকার হন। এসময় ডাকাত দল নৌতায উঠতে না পেরে গুলি ছোঁড়ে। এতে শাহাদত গুলিবিদ্ধ হন। রাত সাড়ে ১১টার দিকে উপকূলে বোট ফেরত এসে  শাহাদত কুতুবদিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ডা.তাসনিমুল আবেদীন রাহাত তাকে মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম জানান, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে শাহাদত হোসেনের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত