ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক ২ 

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম

ভোলায় বিশেষ অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাত ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলার সদর থানাধীন মুহুরী পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানকালে তল্লাশি করে আনুমানিক ৪৪ হাজার টাকা মূল্যের ১ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয় এবং দুইজনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- ভোলার বিএমপি বাজার চরসামাইয়া এলাকার বাসিন্দা মো. আবুল কালামের ছেলে হারুন (৩০) এবং একই উপজেলার মুহুরী পাড়া চরসামাইয়া এলাকার মো. সেলিমের ছেলে মো. রবিউল ইসলাম (২০)।

জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানা-এ হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন মো. আবুল কাশেম জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত