জিম্বাবুয়েকে উড়িয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকল ভারত

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ পিএম

সুপার এইটে প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে ভারত। ৭২ রানের ব্যবধানে এই জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল তারা। বিপরীতে টানা দুই হারে আসর থেকে বিদায় নিশ্চিত হলো জিম্বাবুয়ের।

১ মার্চের ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ পরিণত হয়েছে কোয়ার্টার ফাইনালে। সেই ম্যাচে যারা জিতবে তারাই এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে যাবে।

চেন্নাই–এ টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ভারতকে আগে ব্যাট করতে পাঠান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। ওপেনার সঞ্জু স্যামসন দ্রুতগতির ২৪ রান করে ফিরলেও পাওয়ার প্লেতেই বড় সংগ্রহের ভিত গড়ে দেয় ভারত।

দ্বিতীয় উইকেটে ইশান কিষাণ ও অভিষেক শর্মা গুরুত্বপূর্ণ জুটি গড়েন। অভিষেক মাত্র ২৬ বলে অর্ধশতক পূর্ণ করে ৫৫ রানে আউট হন। পরে অধিনায়ক সূর্যকুমার যাদব ১৩ বলে ঝড়ো ৩৩ রান যোগ করেন।

শেষদিকে ব্যাট হাতে ঝলক দেখান হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। পঞ্চম উইকেটে মাত্র ৩১ বলে ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে তারা কার্যত ম্যাচ একপেশে করে দেন। হার্দিক ২৩ বলে ফিফটি পূর্ণ করেন, আর তিলক ১৬ বলে করেন ৪৪ রান। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৫৬ রান।

জবাবে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মন্দ করেনি জিম্বাবুয়ে। তবে প্রয়োজনীয় রান রেট ধরে রাখা সম্ভব হয়নি। ওপেনার ব্রায়ান বেনেট একাই লড়াই চালিয়ে যান। সেঞ্চুরির খুব কাছে গিয়ে ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি। তার ৫৯ বলের ইনিংসে ছিল আটটি চার ও ছয়টি ছক্কা।

অন্যদের মধ্যে ওপেনার তাদিওয়ানাশে মারুমানি করেন ২০ রান, ডিওন মায়ার্স যোগ করেন ৬ রান। অধিনায়ক সিকান্দার রাজা করেন ৩১ রান। এছাড়া রায়ান বার্ল রানের খাতা খুলতে পারেননি। ফলে নির্ধারিত ওভারে জিম্বাবুয়ের ইনিংস থামে ১৮৪ রানে।

ভারতের বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন অর্শদীপ সিং। তিনি তিনটি উইকেট শিকার করে জয়ের ভিত শক্ত করে দেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত