সাবেক মেয়র আইভী ও বদির জামিন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ এএম

হত্যাসহ পৃথক পাঁচ মামলায় হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। পাশাপাশি আদালত আইভির জামিন প্রশ্নে রুলও দিয়েছে। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, আইভীর বিরুদ্ধে এ পাঁচ মামলার মধ্যে চারটি হত্যা মামলা করা হয় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায়। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আরেকটি মামলা করা হয়। অধস্তন আদালতে এ পাঁচ মামলায় জামিন নামঞ্জুরের পর আইনজীবীদের মাধ্যমে হাইকোর্টে জামিনের আবেদন করেন আইভী।

২০২৫ সালের ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় করা তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। এ পাঁচ মামলায় একই বছরের ৯ নভেম্বর হাইকোর্টে জামিন পান আইভী। যদিও জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত জামিনের ওপর স্থগিতাদেশ দেয়। 

অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু দেশ রূপান্তরকে বলেন, গত নভেম্বরে পাঁচ মামলায় জামিনের দিনই এই পাঁচটি মামলা (গতকাল হাইকোর্টে যে পাঁচ মামলায় জামিন) রুজু করা হয়। তিনি বলেন, এ মামলাগুলোর এজাহারে আইভীর নাম নেই। কোনো অভিযোগও নেই। ২৬৯ দিন ধরে তিনি কারাগারে আছেন। এসব বিবেচনায় আমরা জামিন চেয়েছিলাম। হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। অ্যাডভোকেট সাজু বলেন, যেহেতু আরও কয়েকটি মামলায় তার জামিনের শুনানি বিচারাধীন আছে, তাই এখনই কারাবাস থেকে মুক্তি পাচ্ছেন না আইভী।

এক মামলায় বদির জামিন : ২০২৪ সালে গণঅভ্যুত্থানের সময় বগুড়ায় সংঘটিত সহিংসতার অভিযোগে করা এক মামলায় কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে উচ্চ আদালত। বদির আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে বদির পক্ষে ছিলেন আইনজীবী পূর্ণিমা জাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান।

২০২৪ সালের ৪ আগস্ট বগুড়ায় সহিংসতার ঘটনায় করা ওই মামলায় বদিকে অর্থের জোগানদাতা হিসেবে মামলায় উল্লেখ করা হয় বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানান। একই বছরের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। রাষ্ট্রপক্ষের আইনজীবী এমরান খান দেশ রূপান্তরকে বলেন, জামিনের এ আদেশ স্থগিত চেয়ে রবিবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত