সতীর্থদের ইফতারের সুযোগ করে দিতে গোলরক্ষকের 'ইনজুরি' নাটক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ এএম

ফরাসি লিগ ওয়ানে এফসি নঁতে এবং লঁ আভ্র-এর মধ্যকার ম্যাচে এক অনন্য ভ্রাতৃত্বের নিদর্শন দেখা গেছে। ম্যাচের ৭৪ মিনিটে নঁতে-র পর্তুগিজ গোলরক্ষক অ্যান্থনি লোপেজ হঠাৎ মাঠে শুয়ে পড়ে বাম উরুতে চোট পাওয়ার অভিনয় করেন। এতে খেলা সাময়িক বন্ধ হয়ে যায় এবং মেডিকেল স্টাফরা মাঠে প্রবেশ করেন।

​আসলে লোপেজের কোনো ইনজুরি ছিল না। ফ্রান্সের ফুটবল ফেডারেশন ধর্মীয় কারণে খেলা বন্ধ রাখার অনুমতি দেয় না। তাই নঁতে দলে থাকা মুসলিম সতীর্থদের (ইউসেফ এল-আরাবি, আলী আল-মুসরাতি এবং মোস্তফা মোহাম্মদ) সূর্যাস্তের সময় ইফতার করার সুযোগ করে দিতেই তিনি এই কৌশল অবলম্বন করেন।

খেলা বন্ধ থাকাকালীন মুসলিম খেলোয়াড়রা সাইডলাইনে গিয়ে দ্রুত পানি পান ও খেজুর খেয়ে রোজা ভাঙেন। ইফতার শেষ হওয়ার পরপরই লোপেজ সুস্থ হয়ে খেলা শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লোপেজের এই মহানুভবতা ব্যাপক প্রশংসিত হচ্ছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২১ সাল থেকে সূর্যাস্তের সময় রোজাদার খেলোয়াড়দের রোজা ভাঙার সুযোগ দিতে রেফারিরা স্বল্প সময়ের বিরতির অনুমতি দিয়ে আসছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত