পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চামান শহরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনই শিশু। এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন।
চামানের তোরপাল এলাকায় লাচ্ছি বিতরণ উপলক্ষে নারী ও শিশুসহ স্থানীয় বাসিন্দারা একটি বাড়িতে জড়ো হয়েছিলেন। পুলিশ জানায়, বাড়ির রান্নাঘরে রাখা ২০ কেজি ওজনের একটি গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হলে ঘরের একাধিক কক্ষ ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ ও আহতদের হাসপাতালে পাঠায়। বিস্ফোরণের প্রকৃতি নির্ধারণে বোমা নিষ্ক্রিয়কারী দলকেও ডাকা হয়।
এর কয়েকদিন আগেই করাচির সোলজার বাজার এলাকায় একই ধরনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়, যেখানে বিস্ফোরণের ফলে একটি আবাসিক ভবন ধসে পড়ে। গত মাসে উস্তা মোহাম্মদ শহরের একটি হোটেলেও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক কর্মচারী আহত হন এবং ভবনটির ক্ষতি হয়।
স্থানীয় প্রশাসন ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্কতা অবলম্বনের জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে।
