রাশেদ খানের সভায় দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৩

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম

নির্বাচনের পরবর্তী ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুইপক্ষের সংঘর্ষের তিন পুলিশ সদস্যসহ ১৩ জন আহত হয়েছেন। এসময় সভায় ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান উপস্থিত ছিলেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কালীগঞ্জ থানার সামনে রাশেদ খানের নির্বাচনী কার্যালয়ে এ সংঘর্ষ ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন-কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদ হোসেন, কনস্টেবল পিকুল ও সেলিম হোসেন।

আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বারতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, শুক্রবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি প্রার্থী রাশেদ খান নির্বাচনকালীন দলীয় নেতাকর্মীদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও পরবর্তী করণীয় বিষয়ে সভা আহ্বান করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী রাশেদ খান।

এ সময় সভায় মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে ধানের শীষের বিপক্ষে ভোট করার অভিযোগ তোলেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান আলী। এ নিয়ে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে একটি পক্ষ কালীগঞ্জ থানা চত্বরে ঢুকে পড়লে অপরপক্ষ থানা চত্বরে প্রবেশ করে হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হন। পরে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় তাদের।

এবিষয়ে রাশেদ খান বলেন, আমি নির্বাচনী এলাকা কালীগঞ্জে এসেছি। এ কথা শুনে অনেক নেতাকর্মী আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কার্যালয়ে আসেন। সেখানে নেতাকর্মীদের দুটি পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আমি উভয়পক্ষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি ঠিক আছে।

এঘটনাই লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি জেল্লাল হোসেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত