টাঙ্গাইলের মির্জাপুরে গভীর রাতে বসতঘরে মাটিভর্তি ড্রামট্রাক ঢুকে পড়ে। এসময় নাজিম উদ্দিন নামে এক বৃদ্ধ নিহত ও তার স্ত্রী মতিয়ারা (৬০) আহত হন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার পাছ চামারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিম উদ্দিন (৭৫) ওই এলাকা বাসিন্দা।
স্থানীয়রা বলেন, সাহরি করা জন্য মাইকে ঘোষণা করা হচ্ছিল এ সময় বিকট শব্দে আমরা আতকে উঠি। ঘর থেকে বের হয়ে দেখি নাজিম চাচার ঘরে মাটি ভর্তি ড্রাম ট্রাক ঢুকে আছে। পরে আমরা সবাই মিলে নাজিম চাচাকে ট্রাকের নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করি। ঘটনার পর থেকে বাকরুদ্ধ স্ত্রী মতিয়ারাকে হাসপাতালে নেওয়া হয়।
নিহতের মেয়ের জামাই সিরাজুল ইসলাম বলেন, ড্রামট্রাক মালিক মোকাদ্দস শনিবার সকালে এসে মিমাংসা করার চেষ্টা করেন। মিমাংসা না হওয়ায় তিনি হুমকি দিয়ে চলে যান।
এ বিষয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাহাতুজ্জামান আকন্দ জানান, রাতে সংবাদ পেয়ে ট্রাক জব্দ করেছি। চালক পলাতক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
