আফগানিস্তানের রাজধানী কাবুলে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনার পর পাকিস্তানি যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। রবিবার (১ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। নতুন এ হামলা প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনার নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগান বাহিনী কাবুলের আকাশে পাকিস্তানি বিমানের বিরুদ্ধে 'বিমান প্রতিরক্ষা হামলা' চালিয়েছে এবং নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। তবে ঠিক কী লক্ষ্যবস্তু ছিল বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
গত এক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে সীমান্তপারের পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল। পাকিস্তান দাবি করছে, তারা আফগানিস্তানের ভেতরে জঙ্গি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং কাবুলের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছে—যা তালেবান সরকার অস্বীকার করেছে। আফগানিস্তান এসব হামলাকে নিজেদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়ে যৌথ সীমান্তজুড়ে পাল্টা অভিযানের ঘোষণা দিয়েছে।
দুই দেশের মধ্যে সাম্প্রতিক এই সংঘর্ষ গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে তীব্র বলে মনে করা হচ্ছে, যা দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে। কাতার ও সৌদি আরব উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং উপসাগরীয় অঞ্চলে পাল্টা আঘাতের ঘটনায় পুরো অঞ্চলেই অস্থিরতা বিরাজ করছে। সর্বশেষ এই ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
