ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলাকে ঘিরে মার্কিন ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের তীব্র সমালোচনা শুরু হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে নতুন করে আইন পাসের দাবি জোরালো হয়েছে।
সিনেটর টিম কেইন, যিনি একটি 'ওয়ার পাওয়ারস রেজোলিউশন' উত্থাপন করে এই হামলাকে 'বড় ধরনের ভুল' বলে অভিহিত করেন। তিনি অবিলম্বে সিনেট অধিবেশন ডেকে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান বন্ধে ভোট নেওয়ার আহ্বান জানান।
হাউসের সংখ্যালঘু নেতা হাকিম জেফরিজও একই দাবি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, ট্রাম্প কংগ্রেসের অনুমতি না নিয়ে কূটনৈতিক পথ পরিহার করে সামরিক হামলার সিদ্ধান্ত নিয়েছেন। এতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনারা ইরানের পাল্টা হামলার ঝুঁকিতে পড়তে পারেন বলেও তিনি সতর্ক করেন। প্রশাসনকে অবিলম্বে কংগ্রেস ও জনগণের কাছে ব্যাখ্যা দেওয়ার দাবি জানান তিনি।
সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমারও সকল সিনেটরের জন্য দ্রুত একটি গোপন ব্রিফিংয়ের দাবি জানিয়েছেন। ইরান থেকে কী ধরনের তাৎক্ষণিক হুমকি ছিল, সে বিষয়ে পর্যাপ্ত তথ্য না দেওয়ার জন্য তিনি প্রশাসনের সমালোচনা করেন।
সিনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ারম্যান মার্ক ওয়ার্নার বলেন, এই হামলা যুক্তরাষ্ট্রকে আবারও মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। তিনি হামলার পেছনের গোয়েন্দা তথ্য ও জরুরিতার প্রশ্ন তোলেন এবং ইরাক যুদ্ধের মতো অতীতের ভুল পুনরাবৃত্তি না করার সতর্কবার্তা দেন।
প্রেসিডেন্টের যুদ্ধক্ষমতা সীমিত করার এই উদ্যোগ সিনেটে দ্বিদলীয় সমর্থন পেতে শুরু করেছে, যদিও সেখানে রিপাবলিকানদের সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
