মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। রবিবার (১ মার্চ) দুপুরে হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্য দেয়ার সময় তিনি এ আশ্বাস দেন। সভা সঞ্চালনা করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সারমিন ফারহানা জেরিন। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীসহ কমিটির অন্য সদস্যরা।
সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেন হাসপাতালের বিদ্যমান সংকটের চিত্র তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে জনবল সংকট, প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির অভাব এবং বিশেষজ্ঞ চিকিৎসকের স্বল্পতায়কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা প্রদান ব্যাহত হচ্ছে। সভায় সভাপতির বক্তব্যে এমপি শকু বলেন, হাসপাতালে সুষ্ঠু ও মানসম্মত সেবা নিশ্চিত করতে পর্যায়ক্রমে উদ্যোগ নেওয়া হবে। বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি চিকিৎসক ও সংশ্লিষ্টদের এ বিষয়ে আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা প্রদানের আহ্বান জানান।
